আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || পেট্রোপণ্য, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)-র পশ্চিম জেলা কমিটির উদ্যোগে এক গণঅবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ছাত্রছাত্রী প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের সুযোগ সংকুচিত করার অভিযোগ তুলে এর অবিলম্বে সমাধানের দাবি জানান। পাশাপাশি, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্মী মনীষা দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয়।
গণঅবস্থান থেকে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, অথচ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাব দেখা যাচ্ছে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবিকা ও শিশুদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
বিভিন্ন দাবিতে সরব হয়ে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনেও আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেওয়া হয়।
