আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || রাজধানীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র নেতাজি চৌমুহনির আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসা ৫২ জন ব্যবসায়ী তাঁদের দোকান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং পুনর্বাসন সংক্রান্ত ইতিবাচক উদ্যোগের প্রতি আস্থা রেখেই ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
ব্যবসায়ীদের বক্তব্য, বহু বছরের ব্যবসার সঙ্গে তাঁদের আবেগ ও জীবিকার সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই দোকান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না। তবুও বৃহত্তর জনস্বার্থ, যানজট নিরসন এবং শহরের পরিকল্পিত উন্নয়নের কথা বিবেচনা করে তাঁরা সরকারের উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তাঁদের সমস্যা ও দাবিদাওয়াগুলিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একাধিক দফার আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।
স্থানীয়দের মতে, পরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নেতাজি চৌমুহনি এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক হবে, পাশাপাশি বাণিজ্যিক পরিবেশও নতুন মাত্রা লাভ করবে। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকাটি আরও আধুনিক ও সুশৃঙ্খল রূপে গড়ে উঠবে বলে আশাবাদী সকলেই।
