বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে শুক্রবার এক উচ্চপর্যায়ের মন্ত্রী ও প্রশাসনিক প্রতিনিধি দল পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান, পরিকাঠামো এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শান্তিরবাজারের বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং, স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ কিরণ গিট্টে, দক্ষিণ জেলার জেলাশাসক শ্রী পি. সাজ্জাদ, দক্ষিণ ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO) ডাঃ জে. এম. দাস এবং দক্ষিণ জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ এইচ. মগ।
পরিদর্শনকালে প্রতিনিধি দল হাসপাতালের ল্যাবরেটরি, বিভিন্ন ডায়াগনস্টিক পরিষেবা, পুরুষ ও মহিলা ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) এবং কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU)-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে রোগী পরিষেবা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের সামগ্রিক পরিষেবায় সন্তোষ প্রকাশ করে বলেন, রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও এই পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
এদিন হাসপাতালের নবসূচিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) এবং কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU)-এর পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। এই দুটি অত্যাধুনিক ইউনিট চালু হওয়ার ফলে দক্ষিণ ত্রিপুরার সাধারণ মানুষ এখন জেলাতেই সংকটজনক ও হৃদরোগ সংক্রান্ত উন্নত চিকিৎসা পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পেতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
স্থানীয়দের মতে, দক্ষিণ জেলা হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিকাঠামোর সম্প্রসারণ জেলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে এবং দূরবর্তী এলাকার রোগীরাও এর সুফল ভোগ করবেন।
