আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || রাষ্ট্রীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার-এর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগরতলার স্টেট গেস্ট হাউজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, মহিলাদের অধিকার রক্ষা এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে বিজয়া রাহাতকার বলেন, দেশের প্রতিটি নারী যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন এবং প্রয়োজনে দ্রুত ন্যায়বিচার পান, সেই লক্ষ্য নিয়েই জাতীয় মহিলা কমিশন নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি জানান, নারীদের অধিকার সুরক্ষা, তাদের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগের দ্রুত ও কার্যকর নিষ্পত্তির ক্ষেত্রে কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, নারীদের সামাজিক, অর্থনৈতিক ও আইনি ক্ষমতায়নের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই কমিশনের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে নারীকল্যাণমূলক কর্মসূচি ও জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা-সহ মহিলা কমিশনের অন্যান্য পদস্থ কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে নারী সংক্রান্ত বিভিন্ন ইস্যু, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এবং কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
