আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || বিকশিত ভারত সংকল্প অভিযান উপলক্ষে রবিবার আগরতলার সখীচরণ স্কুলে যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সচেতন করে তোলা এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পোস্ট কমিটির সেক্রেটারি সুকান্ত ঘোষসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও বিভিন্ন ধরনের নেশার কুপ্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা যুব সমাজকে নেশা থেকে বিরত থেকে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজ গঠনের ইতিবাচক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও নেশামুক্ত সমাজ গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারাও নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে নেশার বিরুদ্ধে সচেতন থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।
