আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || স্বেচ্ছায় অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে রাজ্যেই অঙ্গ প্রতিস্থাপনের পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সোমবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জাতীয় অঙ্গদান দিবস–২০২৬ উদযাপিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. তপন মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় অঙ্গদান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অঙ্গদানের গুরুত্ব, মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা এবং এ বিষয়ে সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, অঙ্গদান একটি মহৎ মানবিক উদ্যোগ। মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে বহু মুমূর্ষু রোগী নতুন জীবন ফিরে পেতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে ত্রিপুরাতেই অঙ্গ প্রতিস্থাপনের আধুনিক ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পরিকাঠামো ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
