আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতাল-এ সোমবার এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। মৃতার নাম কবিতা দেববর্মা। তাঁর বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি রাধাপুর এলাকায়।
পরিবারের সদস্যদের অভিযোগ, পেটব্যথার সমস্যায় কবিতা দেববর্মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত সম্পন্ন না করে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব নয়।
অন্যদিকে, চিকিৎসকদের দাবি, মৃত মহিলা প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই বিষয়টি সামনে আসতেই পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।
মহিলার মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
