বিডিও-র তদন্ত রিপোর্টে তীব্র অসন্তোষ, সরকারি সিমেন্ট ঘোটালা ইস্যুতে পাল্টা সাংবাদিক সম্মেলন বিধায়ক নির্মল বিশ্বাসের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি সিপিআই(এম)’র

গোপাল সিং, খোয়াই, ৩০ আগস্ট || খোয়াই আরডি ব্লকের সরকারি সিমেন্ট বিতর্কে পঞ্চায়েত সমিতির নেত্রীকে বাঁচানোর জন্য বিডিও সাহেবের গঠিত তদন্ত কমিটি একতরফা ও নামমাত্র ‘ক্লিনচিট’ রিপোর্ট পেশ করেছে—এই অভিযোগে পাল্টা সোচ্চার হলো সিপিআই(এম)। আজ খোয়াইয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিধায়ক তথা সিপিআই(এম) খোয়াই মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস বিডিও-র তদন্তের নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন এবং গোটা দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সাথে ছিলেন ডিওয়াইএফ রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।
সংবাদমাধ্যমে খোয়াই ব্লকের সরকারি সিমেন্ট চুরির চাঞ্চল্যকর খবর প্রকাশের পর ২২শে আগস্ট সিপিআই(এম)-এর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছিল। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে তড়িঘড়ি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং অবিশ্বাস্যভাবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করা হয়। সিপিআই(এম) নেতৃত্বের দাবি, বিডিও সাহেবের চরম মানসিক চাপের মুখে পড়েই তদন্তকারী টিম একতরফা রিপোর্ট তৈরি করতে বাধ্য হয়েছে।
শনিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উক্ত সিমেন্ট চুরির ঘটনাকে সিপিআই(এম)-এর অপপ্রচার বলে আখ্যা দেওয়া হয়েছিল। বিজেপি-র সেই দাবি নস্যাৎ করে বিধায়ক নির্মল বিশ্বাস জানান, “এই ঘটনায় প্রথম অভিযোগ সিপিআই(এম) দায়ের করেনি। রাতের অন্ধকারে পঞ্চায়েত সমিতির নেত্রীর বাড়ি থেকে গাড়ি ভর্তি সরকারি সিমেন্ট সরানোর সময় স্থানীয় সচেতন জনগণই প্রথম হাতেনাতে আটক করে। সেই দলে শাসক দলের কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। এমনকি স্থানীয় বিজেপি কর্মীরাও পুরো ঘটনাটি লিখিতভাবে খোয়াই ও আশারামবাড়ী মণ্ডল কমিটিকে জানিয়েছিলেন।”
সাংবাদিক সম্মেলনে নির্মল বিশ্বাস খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, যে গাড়ি চালক রাতে সরকারি সিমেন্ট নিয়ে যাচ্ছিলেন এবং স্থানীয় জনগণের সামনে ক্যামেরায় সব তথ্য স্বীকার করেছেন, তাকে বিডিও সাহেবের তদন্ত কমিটি একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি! মূল প্রত্যক্ষদর্শী ও চালককে বাদ দিয়ে কীভাবে ২৪ ঘণ্টায় তদন্ত শেষ হতে পারে, তাতেই প্রমাণিত হয় শাসক দলের নেত্রীকে আড়াল করতে সম্পূর্ণ মর্জিমাফিক ও পক্ষপাতদুষ্ট রিপোর্ট তৈরি করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সরকারি সিমেন্টের এমন অনিয়ম ও বিডিও-র একতরফা ভূমিকা নিয়ে খোদ শাসক দলের ভেতরের একাংশের মধ্যেও মারাত্মক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পুরো ঘোটালা ঢাকা দেওয়ার চেষ্টা বন্ধ করে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার মাধ্যমে প্রকৃত তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ দাবি করেছে সিপিআই(এম)।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*