আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর || পশ্চিমবঙ্গে ২৫৩টি বি.এড কলেজের অনুমোদন বাতিলের খবর প্রকাশ্যে আসতেই এর সম্ভাব্য প্রভাব নিয়ে ত্রিপুরাতেও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে ওইসব প্রতিষ্ঠানের কোনও কোনও কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করে বর্তমানে ত্রিপুরায় শিক্ষকতা করছেন এমন ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে কলেজের অনুমোদন বাতিল হয়েছে বলেই সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি সরাসরি বাতিল হয়ে যাবে—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো সমীচীন নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে, সংশ্লিষ্ট শিক্ষকরা যখন বি.এড ডিগ্রি অর্জন করেছিলেন, তখন ওই প্রতিষ্ঠানের বৈধ স্বীকৃতি ছিল কি না। পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE)-এর স্বীকৃতি, নিয়োগের সময়কার যোগ্যতার শর্ত এবং সংশ্লিষ্ট সরকারি বিধি-বিধানও বিবেচনায় আসবে।
ফলে পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্তের পর ত্রিপুরায় কর্মরত সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষক মহলেও তৈরি হয়েছে কৌতূহল।
