কড়া নিরাপত্তায় খোয়াই বিমানবন্দর মাঠে জমজমাট আনন্দমেলা, ক্লান্তি ভুলে মেলা প্রাঙ্গণে খোয়াইবাসীর ঢল

গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তার বলয়ে খোয়াই বিমানবন্দর মাঠে জমে উঠেছে আনন্দমেলা। প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলা প্রাঙ্গণে বাড়ছে মানুষের ভিড়। খোয়াই শহর তো বটেই, আশপাশের গ্রামীণ এলাকা থেকেও পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ছুটে আসছেন বহু মানুষ।
বড় পরিসরে এবং খোলামেলা পরিবেশে মেলার আয়োজন হওয়ায় ভ্যাপসা গরমের মধ্যেও স্বস্তি মিলছে দর্শনার্থীদের। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকায় পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে বিভিন্ন ধরনের নাগরদোলা, রঙিন টয়ট্রেন, বিভিন্ন রাইড এবং শিশুদের বিশেষ আকর্ষণ ‘জলপরি’। এসব রাইডকে ঘিরে কচিকাঁচাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। শিশুদের পাশাপাশি যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণদেরও মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।
সম্প্রতি আনন্দমেলার আয়োজন, গতিবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠার পর প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট বিধি-নিষেধ ও শর্ত মেনে মেলা পরিচালনার ওপর জোর দেওয়া হয়েছে। মেলা কমিটিও প্রশাসনের অনুমতি ও নির্ধারিত শর্তাবলী মেনে চলায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন মেলায় আসা দর্শনার্থীদের একাংশ।
দৈনন্দিন ব্যস্ততা ও সংসার জীবনের নানা টানাপোড়েনের মাঝে কিছুটা আনন্দের মুহূর্ত কাটাতেই পরিবার-পরিজন নিয়ে মেলায় ভিড় করছেন খোয়াইবাসী। আপাতত বৃষ্টির উপদ্রব না থাকায় এবং খোলামেলা পরিবেশে মেলার আয়োজন হওয়ায় উৎসবের আমেজ আরও বেড়েছে।
সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যেই বর্তমানে আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত খোয়াই বিমানবন্দর মাঠ। মেলার এই জমজমাট পরিবেশে আপাতত দৈনন্দিন ক্লান্তি ভুলে আনন্দে মেতেছেন খোয়াইবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*