বলরাম দেবনাথ, সাব্রুম, ০৯ সেপ্টেম্বর || ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ এবং শুল্ক পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বিলোনিয়ায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কর্মশালা। বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং ভারত সরকারের রাজস্ব দপ্তরের আগরতলা কাস্টমস ডিভিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
দুপুর ১২টা ৩৫ মিনিটে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মহম্মদ সাজেদ পি, আইএএস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা কাস্টমস ডিভিশনের এসি-কমিশনার সঞ্জীব চৌধুরী সহ জেলার বিভিন্ন রপ্তানি প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকরা।
কর্মশালা শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সীমান্ত বাণিজ্য ও রপ্তানির সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন জেলা শাসক মহম্মদ সাজেদ পি এবং আগরতলা কাস্টমস ডিভিশনের এসি-কমিশনার সঞ্জীব চৌধুরী।
কর্মশালায় দক্ষিণ ত্রিপুরা জেলার সম্ভাবনাময় বিভিন্ন পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে ত্রিপুরার কুইন আনারস, বাঁশজাত শিল্পপণ্য, কালিখাসা চাল এবং প্রাকৃতিক রাবারের মতো পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে কী ধরনের সুযোগ রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি রপ্তানিকারকদের জন্য কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, দক্ষিণ ত্রিপুরার স্থানীয় উৎপাদন ও সম্ভাবনাময় পণ্যকে বৃহত্তর আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তকে কাজে লাগিয়ে সীমান্ত বাণিজ্যকে আরও সহজ, কার্যকর ও রপ্তানিমুখী করার ক্ষেত্রেও আজকের কর্মশালা নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।
