গোপাল সিং, খোয়াই , ২৭ অক্টোবর || গত ১৭ অক্টোবর আমরাই প্রথম নিউজের মাধ্যমে তুলে ধরেছিলাম ‘ভিআইপি সফরে নিরাপত্তা সামলাতে ব্যস্ত খোয়াই পুলিশ প্রশাসন আর এই সুযোগে কল্যানপুর, মহাদেবটিলা, বনকর ও সিঙ্গিছড়ায় গোপনে বিপুল পরিমাণে নেশাসামগ্রী মজুত করা হচ্ছে।’ আজ আমাদের সেই আগাম খবরেই শিলমোহর দিল আসাম রাইফেল ও কাস্টমস ডিপার্টমেন্ট। সিঙ্গিছড়া থেকেই উদ্ধার হলো ১৫ লক্ষ টাকার এসকফ সিরাপ।
এসকফের অবৈধ পাচার রোধে আসাম রাইফেলস ও গোয়েন্দাদের তৎপরতা অব্যাহত রয়েছে খোয়াইতে। এর মধ্যেই সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে খোয়াই জেলায় বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস এবং কাস্টমস ডিপার্টমেন্ট। উদ্ধার হওয়া এই নেশা সামগ্রী এসকফের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬শে অক্টোবর ২০২৬ তারিখে খোয়াই জেলার সিঙ্গিছড়া এলাকায় আসাম রাইফেলস এবং কাস্টমস আধিকারিকদের একটি যৌথ দল আকস্মিক তল্লাশি অভিযান চালায়। দীর্ঘস্থায়ী নজরদারি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি গোপন স্থান থেকে লুকিয়ে রাখা অবস্থায় মোট ১,৫০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয়।
সিঙ্গিছড়ায় অবৈধ এসকফ চোরাচালানের সঙ্গে জড়িত নেটওয়ার্কগুলিকে ভেঙে ফেলতে এই ধরনের অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খোয়াই জেলায় এই সফল উদ্ধারের পর সমস্ত বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে এ ধরনের অবৈধ পাচার ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিগুলির পারস্পরিক সমন্বয় ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
