জাতীয় ডেস্ক ।। শুক্রবার রাতে বড়সড় দুর্ঘটনা এড়াল লুফতহানসা বিমান সংস্থার একটি উড়ান। ১৬৩জন যাত্রী ও বিমানকর্মীকে নিয়ে জার্মানির মিউনিখ থেকে মুম্বই আসছিল উড়ানটি। মুম্বই বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় বিমানের পিছনদিকের ৪টি টায়ারই ফেটে যায়। যাত্রীদের মইয়ে করে নীচে নামানো হয়, তবে তাঁদের কেউ জখম হননি। দুর্ঘটনার জেরে অন্যান্য বিমান ওঠানামা বাধ্য হয়েই করতে হয় দ্বিতীয় রানওয়ে থেকে, বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়, দেরিতেও চলে অনেকগুলি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। তবে বিশেষজ্ঞদের ধারণা, সম্ভবত স্বাভাবিকের থেকে বেশি গতিতে ল্যান্ডিংয়ের চেষ্টা করছিল বিমানটি। সে জন্যই হয়তো একসঙ্গে পিছনের চারটি টায়ারই ফেটে যায়।
