তারায় তারায় ডেস্ক ৷৷ বলিউড থেকে হলিউড— সুরের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন সঙ্গীত কিংবদন্তি এ আর রহমান। সারাবিশ্বের নামি সব পুরস্কারের মঞ্চে পা রেখেছেন তিনি। এবার ফের অস্কারের তালিকায় নাম উঠল এ সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়কের নাম। দেখার বিষয় চূড়ান্ত মনোনয়নে এ আর রহমানের নাম থাকে কি-না। ‘পেলে : বার্থ অব এ লেজেন্ড’ চলচ্চিত্রের ‘জিঙ্গা’ শিরোনামের গানের জন্য ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের প্রাথমিক তালিকাতে স্থান করে নিয়েছেন রহমান। অস্কারের ‘অরিজিনাল স্কোর’ বিভাগের ১৪৫টি ট্র্যাক স্থান পেয়েছে। এরই মধ্যে রয়েছে তার ‘জিঙ্গা’। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘পেলে : বার্থ অব এ লেজেন্ড’। চলতি বছরের ৬ মে মুক্তি পায় সিনেমাটি। ২০০৯ সালের আলোচিত ‘স্লামডগ মিলেনিয়ার’ সিনেমার জন্য তিনটি মনোনয়ন পান রহমান। জিতে নেন ‘অরিজিনাল স্কোর’ ও ‘অরিজিনাল সং’ বিভাগের অস্কার। এছাড়া ২০১১ সালে ‘ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স’ সিনেমার জন্য দুটি মনোনয়ন পান। চলতি বছরের অস্কারের চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষিত হবে ২৪ জানুয়ারি। এখন সেদিকেই তাকিয়ে আছেন এ আর রহমান ভক্তরা।
