আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবারের সলিল কৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুতপ দাস। কবিতায় বিশেষ অবদানের জন্য কবি সুকান্ত স্মৃতি পুরস্কার পাচ্ছেন মিহির কান্তি দেব। ৩৫তম আগরতলা বইমেলা-২০১৭ উপলক্ষ্যে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মিলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা একথা জানান। তথ্য মন্ত্রী আরও জানান, চিত্রাঙ্কন ও স্থাপত্যে বিশেষ অবদানের জন্য এবার ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুনীল কৃষ্ণ রায়। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ঝর্না দেববর্মা সচিন দেববর্মণ স্মৃতি পুরস্কার, লোক সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য নিরঞ্জন রায় লালন পুরস্কার ও নাটকে বিশেষ অবদানের জন্য অতুল রঞ্জন দত্ত ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন। ককবরক ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার পাচ্ছে নবচন্দনা প্রকাশনী এবং বাংলা ও ককবরক ব্যতীত ন্য ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য পুরস্কার পাচ্ছে ত্রিপুরা বাণী প্রকাশনী। বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হবে। সাংবাদিক সন্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা জানান, ১২ দিন ব্যাপী ৩৫তম আগরতলা বইমেলা-২০১৭’র উদ্বোধন হবে ১১ ফেব্রুয়ারী। এদিন বিকেল ৪টায় আগরতলাস্থিত উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করমেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট লেখক আবুল মেমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা।
