বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ মে ৷৷ শান্তিরবাজার ডি ডব্লিউ এস দপ্তর এবং দপ্তরের এস ডি ও –এর দায়িত্ব হীনতায় পাইপ লাইন থাকা সত্ত্বেও উপজাতি ৩৫ পরিবার বছরের পর বছর পানীয় জল থেকে বঞ্চিত। ঘটনা শান্তিরবাজার মহকুমার বোকাফা আর ডি ব্লকের অন্তর্গত বীরচন্দ্র নগর এ ডি সি ভিলেজের চন্দ্র মোহন পাড়ায়। এই পাড়াটি ৪৪নং জাতীয় সড়ক লাগোয়া। এই এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেছে, চন্দ্র মোহন পাড়ায় পাইপ লাইন থাকা সত্ত্বেও প্রশাসনের গাফিলতির কারনে উপজাতী পরিবারগুলো পানীয় জলের অভাবে দিন কাটাচ্ছেন। এই সমস্যা নিয়ে দপ্তরের এস ডি ও ওমিও রঞ্জন দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। এলাকার মানুষ চাইছেন সংশ্লিষ্ট দপ্তর যেন এই বিষয়টি নিয়ে দায়িত্বের সাথে কাজ করে। নয়তো এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানা যায়।