আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগষ্ট ৷৷ ভারতের ৭১তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো রাজ্যবাসীর উদ্দেশ্যে মূখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ সম্প্রচারের জন্য আকাশবাণী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে তা আগাম রেকর্ড করার আবেদন জানানো হয় মূখ্যমন্ত্রীর সচিবালয়ে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার (১২ই আগষ্ট, ২০১৭) সন্ধ্যায় মূখ্যমন্ত্রীর কার্যালয়ে সেই ভাষণ রেকর্ড করে আকাশবাণী ও দূরদর্শনের আগরতলা কেন্দ্র। কিন্তু বিষ্ময়ের সঙ্গে লক্ষ্য করা গেল যে, ১৪ই আগষ্ট সন্ধ্যে ৭টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রসার ভারতীর নির্দেশ মোতাবেক রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত মূখ্যমন্ত্রীর রেকর্ড করা ভাষণ ১৫ আগষ্ট সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। কিছুক্ষন পর একই বক্তব্য আকাশবাণী আগরতলা কেন্দ্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়। প্রসার ভারতীর মতে, রাজ্যবাসীর উদ্দেশ্যে মূখ্যমন্ত্রী মানিক সরকারের ভাষণ স্বাধীনতা দিবসের পবিত্রতা ও গাম্ভীর্যের উপযোগী নয়। তাই এই নজিরবিহীন নির্দেশনামা। অল ইন্ডিয়া রেডিও ও প্রসার ভারতীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রসার ভারতীর নির্দেশিকা অনুযায়ী রাজ্যের মূখ্যমন্ত্রী তাঁর ভাষনের পরিবর্তন করতে রাজী হলে তবেই মূখ্যমন্ত্রীর ভাষণ ১৫ আগষ্ট সম্প্রচার করা হবে। সোমবার সন্ধ্যায় প্রসার ভারতীর এই নিষেধাজ্ঞার কথা অল ইন্ডিয়া রেডিও-র ডিরেক্টর জেনারেলের পক্ষে এসিস্ট্যান্ট ডিরেক্টর অব প্রোগ্রামস (পোলিসি) সঞ্জয় দোসাঝ আকাশবাণী ও আগরতলা দূরদর্শনের কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন। প্রসার ভারতীর সি ই ও দিল্লিতে মূখ্যমন্ত্রীর ভাষনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন এবং এ নিয়ে যৌথভাবে উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।মূখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর প্রদত্ত ভাষনের কোনও শব্দ, বাক্য বা কোনও অংশের পরিবর্তন করবেন না বলে জানিয়ে দেন। প্রসার ভারতীর এই নজিরবিহীন নিষেধাজ্ঞাকে মূখ্যমন্ত্রী অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও অসহিষ্ণু পদক্ষেপ বলে মনে করেন এবং তার তীব্র প্রতিবাদ জানান।
