আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ টান টান উত্তেজনার মধ্য দিয়ে কলেজগুলিতে আটোসাটো নিরাপত্তায় অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে নির্বাচন প্রক্রিয়া। যথারীতি ছাত্র রাজনীতির ময়দানে এ পক্ষে ও পক্ষে তরজার পাশাপাশি হুজ্জুতির ঘটনাও হয়েছে শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই, টি এস ইউ এবং বিরোধী ছাত্র সংগঠন এ বি ভি পি-র মধ্যে। মঙ্গলবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২৩৪টি আসনে শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই, টি এস ইউ এবং বিরোধী ছাত্র সংগঠন এ বি ভি পি-র মধ্যে শেষ হল ছাত্র সংসদ নির্বাচন। প্রতিটি ডিগ্রী কলেজেই নিরাপত্তার দায়িত্বে ছিল প্রচুর পুলিশ ও টি এস আর জওয়ান। ছাত্রছাত্রীরা প্রায় উৎসবের মেজাজেই একপ্রকার তাদের পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন। রাজধানীর কিছু কলেজে সামান্য গণ্ডগোলের সংবাদ পাওয়া গেলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।