আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ শত শত সহকর্মীদের চোখের জলে বিদায় নিল রাজ্যের সংবাদ জগতের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। বৃহস্পতিবার সাংবাদিক শান্তনু ভৌমিকের মরদেহ জিবি হাসপাতাল থেকে ‘দিনরাত’ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে আগরতলা প্রেস ক্লাবে নিয়ে আনা হয়। সেখানে শান্তনুর মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যা, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশ, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব, ত্রিপুরা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এর সদস্য-সদস্যা সহ রাজ্যের কর্মরত সাংবাদিকরা। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও সাংবাদিক শান্তনু ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব থেকে শতশত শোকস্তব্ধ সাংবাদিকরা কালো রিবন লাগিয়ে মৌন মিছিল করে আগরতলা মহিলা কলেজ পর্যন্ত যায়। প্রয়াত শান্তনু ভৌমিক সি পি আই (এম) দলের একনিষ্ঠ কর্মী হওয়ায় আগরতলা থেকে জিরানিয়া কলেজ চৌমুহনী এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওরার সময় পথে সবগুলো পার্টি অফিসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় তার মরদেহে ফুল্মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, বুধবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছিলেন রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। বৃহস্পতিবার শান্তনুর অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে।