আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ৷৷ নিখোঁজ গাড়ি চালক জীবন দেবনাথ হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন (TMSU) এবং ত্রিপুরা অটোরিস্কা ওয়ার্কার্স ইউনিয়ন। গত ২০ সেপ্টেম্বর রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার দিনই অপহরণ করা হয়েছিল গাড়ি চালক জীবন দেবনাথকে। অবশেষে ৪৬ দিনের মাথায় শনিবার খুমুলুংস্থীত রাধাপুর থানাধীন দুখিয়া কোবরা পাড়ায় ছিছিমা নদীর পাশে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় নিখোঁজ চালক জীবন দেবনাথের বস্তা বন্দী মৃতদেহ। রবিবার জীবন দেবনাথ হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন (TMSU) এবং ত্রিপুরা অটোরিস্কা ওয়ার্কার্স ইউনিয়ন।সি পি আই (এম), বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে জীবন দেবনাথের শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
পাশাপাশি রবিবার জীবন দেবনাথের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান সি পি আই (এম) নেতৃবৃন্দ।
