আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ বিজেপি – আই পি এফ টি জোট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে রবিবার। এদিন আসামের অর্থমন্ত্রী তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধবের উপস্থিতিতে বিজেপি – আই পি এফ টি জোট নিয়ে ঘোষণা দেওয়া হবে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন, ৩১ জানুয়ারী প্রধানমন্ত্রী রাজ্যে আসার কথা থাকলেও ৩১ জানুয়ারী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন হওয়ায় পিছিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সূচি। রাজ্যের ৩টি স্থানে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা রয়েছে। তবে এখনো গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সূচি চূড়ান্ত হয়নি বলে জানান বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের এস টি মোর্চার রাজ্য সভাপতি বিজয় দেববর্মা, তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC’র রাজ্য সভাপতি বিপ্লব কর এবং INTTUC’র উপদেষ্টা কমিটির কনভেনার সুভাষ বাণিকের নেতৃত্বে প্রায় ৪০০ কর্মীসমর্থক যোগ দিলেন বিজেপি’তে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর সহ অন্যান্যরা।
