আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার পর প্রথমবার দিল্লী সফরে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে স্বাক্ষাৎ করছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। মঙ্গলবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাসায়নিক ও সার দপ্তরের মন্ত্রী অনন্ত কুমারের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে ত্রিপুরাতে তেল ও গ্যাস দক্ষতা উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী। সাক্ষাৎকারকালে কেন্দ্রীয় দুই মন্ত্রীই ত্রিপুরার নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে আগামীদিনে সফলভাবে কাজ করে যাওয়ার জন্য আশীর্বাদ প্রদান করেন।উল্লেখ্য, দিল্লী সফরে গিয়ে সোমবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সহ বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র সঙ্গে স্বাক্ষাৎ করেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। আগামী ২২ তারিখ মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরবেন। ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন।
