আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ চিটফান্ড ইস্যুতে ফের রাজ্যে আসছে সি বি আই। রোজভ্যালি দুর্নীতিকান্ডে নয়া মোড় নিতে চলেছে রাজ্যে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়িকা বিজিতা নাথকে জেরা করার জন্য সম্প্রতি কলকাতা সি বি আই-র এস পি সুদীপ রায় রাজ্য সরকার এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষকে এ ব্যাপারে চিঠি পাঠিয়েছে। জানা গেছে, চিঠি মোতাবেক আগামী ২৫ এপ্রিল বেলা ২টায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়িকা বিজিতা নাথের ধর্মনগর কদমতলাস্থিত বাড়িতে এবং ২৬ এপ্রিল সকাল ১১টায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে আগরতলাস্থিত বিধায়কের আবাসে জেরা করবে সি বি আই। পাশাপাশি গত ২৬ আগষ্ট ২০০৪ থেকে মার্চ ২০০৮ পর্যন্ত প্রাক্তন অর্থ মন্ত্রী বাদল চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি যিনি ছিলেন উনাকেও আগামী ২৬ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে আগরতলা গোর্খাবস্তিস্থিত সি বি আই ইউনিট অফিসে গিয়ে ডেপুটি এস পি টি বর্ধনের সামনে হাজির হতে বলা হয়েছে।উল্লেখ্য, যেহেতু বাদল চৌধুরী এবং বিজিতা নাথ বিধায়ক তাই নিয়ম মেনে সিবিআই’র তরফ থেকে ইতোমধ্যে ত্রিপুরা বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছে। সূত্রে জানা গেছে, ত্রিপুরা বিধানসভার স্পিকার তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন।
