ত্রিপাক্ষিক বৈঠকে রিয়াং শরনার্থীদের মিজোরাম ফিরিয়ে নিতে ঐতিহাসিক সিদ্ধান্ত

riyangআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র পৌরহিত্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ত্রিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের বৈঠকে রিয়াং শরনার্থী সমস্যা সমাধান সূত্র বেরিয়ে এল। মঙ্গলবার এই ত্রিপাক্ষিক বৈঠকে রিয়াং শরনার্থীদের মিজোরাম ফিরিয়ে নিতে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হল। সিদ্ধান্ত হয় শরনার্থীদের দেওয়া হবে বিশেষ প্যাকেজ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই রিয়াং শরনার্থীদের স্বভূমিতে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হল এবার। ভারতের নাগরিক হয়েও আজ কাঞ্চনপুর মহকুমায় বিভিন্ন শিবিরে আশ্রিত কয়েক হাজার রিয়াং শরণার্থী পরিবার জন্মস্থান ছেড়ে নিজ দেশেই উদ্বাস্তু হয়ে রয়েছে। প্রায় দুই দশক ধরে শরণার্থী হিসেবে তারা জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। ৯৮’র দশকে ত্রিপুরার সীমান্তবর্তী মিজোরামের মামিথ জেলায় জাতিগত সংঘর্ষের জের ধরে উদ্বাস্তু হতে হয় হাজার হাজার রিয়াং জনগোষ্ঠীর আবাল বৃদ্ধ বনিতাকে। তারপর তারা আশ্রয় নেয় কাঞ্চনপুর মহকুমার নাইসিংপাড়া, দশদা, দামছড়া সহ বিভিন্ন শরণার্থী শিবিরে। টানা দুই দশকের সময়ের মধ্যে কয়েক দফায় কেন্দ্রের হস্তক্ষেপে শরণার্থীদের স্বভূমিতে প্রত্যাবর্তন করা হয়। যদিও শিবিরে থেকে যায় আরো হাজার হাজার পরিবার। শরণার্থীরা ফিরে যাওয়ার পক্ষপাতি থাকলেও তাতে বাঁধ সাধেন কিছু রিয়াং শরণার্থী নেতা। পাশাপাশি নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন সময়ে আর্থিক দুর্নীতির নানা অভিযোগ উঠে পড়ে। তবে এরমধ্যেও চলতে থাকে প্রত্যাবর্তনের জন্য ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা। মিজোরাম সরকারও বাদবাকি শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ইচ্ছে জাহির করে। তদুপরি থমকে যায় প্রত্যাবর্তন প্রক্রিয়া। এই অবস্থায় শরণার্থী প্রত্যাবর্তন ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ডেকে নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মিজোরামের মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সোমবার বিকেলেই দিল্লি উড়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই রিয়াং শরণার্থী ইস্যুতে পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী ত্রিপুরা, মিজোরাম ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দিল্লি সূত্রে খবর, ত্রিপাক্ষিক বৈঠকে দীর্ঘ দু’দশকের সমস্যা নিরসনের রাস্তা একপ্রকার খোলা গেছে। মিজোরাম প্রশাসন বাদবাকি শরণার্থীদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এর পাশাপাশি প্রত্যাবর্তনকারী শরণার্থীদের জন্য কেন্দ্রের পক্ষ বিশেষ প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত হয়। খুব সহসাই শরণার্থীদের মিজোরাম ফেরত পাঠাতে প্রশাসনিক স্তরে উদ্যোগ শুরু হবে বলেও জানা গেছে। আর যদি সেটা হয়ে থাকে তবে এতদিনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবে রিয়াং সম্প্রদায়ের হাজারো জনজাতি। এদিন বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, দুই রাজ্য সরকারের প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সহ রিয়াং শরণার্থী নেতারা। বৈঠক সফল হওয়ার পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আজ শরণার্থী প্রত্যাবর্তন ইস্যুতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে নিজ ভূমিতে ফিরে যেতে পারবে ৫,৪০৭টি পরিবারের প্রায় ৩২,৮৭৬ জন মানুষ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*