আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হবার পর রাজ্যে এলেন মহারাজা প্রদ্যুত কিশোর দেব বর্মণ। শনিবার সকালে বিমানবন্দরে রাজ্য কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি মহারাজা প্রদ্যুত কিশোর দেব বর্মণকে স্বাগত জানান বাপ্টু চক্রবর্তী, পীযুষ বিশ্বাস, পুজন বিশ্বাস সহ রাজ্য কংগ্রেস সমর্থকরা। বিমানবন্দর থেকে হুডখোলা গাড়িতে করে কংগ্রেসের নব নিযুক্ত সভাপতিকে নিয়ে বাইক র্যালী করে আসা হয় পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রদ্যুত কিশোর দেব বর্মণ। এখানে রাজ্য কংগ্রেস নেতারা মহারাজাকে ফুল দিয়ে স্বাগত জানান। এই অনুষ্ঠানে প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় উপস্থিত থাকলেও অনুষ্ঠানে দেখা যায় নি কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহাকে। কংগ্রেসের নতুন সভাপতির আগমনকে কেন্দ্র করে এদিন শহরের পোস্ট অফিস চৌমুহনীতেও কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়।