আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ ৬ ঘণ্টার কর্মবিরতি রাখলো প্রসূতি বিভাগের ডাক্টাররা। রাজধানীর আই জি এম হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথের উপর উশৃঙ্খল যুবকের হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ৬ ঘন্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। পাশাপাশি ডাঃ দীপঙ্কর দেবনাথের উপর দুষ্কৃতিকারিদের বর্বর আক্রমণের প্রতিবাদে এবং আক্রমণকারীদের কঠোর শাস্তি ও রাজ্যের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আগরতলা সি টি সেন্টারে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, বুধবার রাতে আই জি এম হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথের উপর চড়াও হয় একদল উশৃঙ্খল যুবক। জনা যায়, ঐ সময় কর্তব্যরত অবস্থায় ছিলেন আই জি এম হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথ। জানা যায়, উশৃঙ্খল যুবকদের চিকিৎসকের উপর অতর্কিত হামলায় গুরুতর আহত হন ডাঃ দীপঙ্কর দেবনাথ। পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করলে উশৃঙ্খল যুবকরা ডাঃ দীপঙ্কর দেবনাথকে মারতে মারতে সিটি সেন্টার পর্যন্ত নিয়ে যায়। সেখানেও এই চিকিৎসককে ড্রেনের মধ্যে ফেলে পেটায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চিকিৎসককে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের সমস্ত চিকিৎসক মহল। নিন্দা জানিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ সহ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ।
