আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ রাজধানী আগরতলার দুটি প্রধান হাসপাতাল জি বি এবং আই জি এম হাসপাতালে পুলিশ পিকেট বসানো হবে। শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারী আবাসে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, আই জি এম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের যে বর্বরোচিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, কেউ আইন হাতে নিলে রাজ্য সরকার কখনোই তা বরদাস্ত করবে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের কাজে ভুল হলে অভিযোগ করার অনেক জায়গা রয়েছে। কিন্তু নিজ হাতে আইন তুলে নেয়া একটি অপরাধ এবং এটা করে কেউ পার পেয়ে যাবে, রাজ্য সরকার তা হতে দেবে না।‘ তিনি জানান, ডাঃ দীপঙ্কর দেবনাথের উপর হামলার ঘটনায় সরকার অভিজুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, চিকিৎসকদের দাবী মতো চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সব চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া হবে। যে অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়েছে সে সমস্ত অভিযুক্তদের জামিন মঞ্জুর বাতিলের আবেদন জানিয়ে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।পাশাপাশি এদিন তিনি বলেন, চিকিৎসকদের পেশাটাও সেবামূলক। তাদের সিদ্ধান্তের কারনে যদি রাজ্যের বাকি মানুষ সমস্যা পড়েন সেটাও মানুষ মেনে নেবেন না।
