আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ রাজধানীর আই জি এম হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় চিকিৎসকদের যে আন্দোলন কর্মসূচি চলছিল সেই কর্মসূচি থেকে আপাতত সরে আসার ঘোষণা করলো চিকিৎসকরা। শনিবার সকালে এক সাংবাদিক সন্মেলনে একথা চিকিৎসকরা জানান, রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে উদ্যোগ নিয়েছেন তাতে খুবই খুশি চিকিৎসকরা। সাংবাদিক সন্মেলনে চিকিৎসকরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, আইনমন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাজ্যের সাংবাদিক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাব কর্মী সহ যারা তাদের আন্দোলনের পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানানো হয়।এদিন সাংবাদিক সন্মেলনে জানানো হয়, শুক্রবার রাত প্রায় ১১টায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে আই এম এ’র সভাপতি সহ চিকিৎসকদের ৬ জনের একটি প্রতিনিধি দল মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জনস্বার্থে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবার জন্য চিকিৎসকদের কাছে আবেদন জানান।
সাংবাদিক সন্মেলনে জানান, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে উদ্যোগ নিয়েছেন তাতে খুবই খুশি চিকিৎসকরা। তাই অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং আই এম এ ত্রিপুরা শাখার যৌথ সিদ্ধান্তে চিকিৎসকদের প্রাইভেট প্রেকটিস, ভলন্টারি সার্ভিস, রক্তদান শিবির, হেলথ ক্যাম্প ৭ দিন বন্ধ রাখার যে ঘোষণা করা হয়েছিল, শনিবার সকাল ১১টার পর থেকে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
উল্লেখ্য, রাজ্যের ইতিহাসে এই প্রথম ত্রিপুরা হাই কোর্টে শুক্রবার রাত প্রায় ৯টা ৩০ মিনিটে এদিকে চিকিৎসক দীপঙ্কর দেবনাথের উপর যারা হামলার উপর জনস্বার্থে মামলার শুনানি গ্রহণ করেছে। জানা যায়,প্রায় ১ ঘন্টা শুনানির পর নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ৫ জন অভিযুক্তকে জেল হাজতে থাকতে হবে।
