আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ৷। সম্প্রতি কৈলাশহরের গৌরনগর ব্লকের অধীন ধূতাছড়া এডিসি ভিলেজের স্বপন বাল্মিকী দাস নিজের সদ্যোজাত সন্তানকে ৫০০০ টাকা ও চারটি শাড়ির বিনিময়ে অভাবের তাড়নায় বিক্রি করে দেয়। এই সংবাদ পেয়ে সক্রিয় হয়ে উঠেন প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। জানা যায়, চাইল্ড লাইন সামাজিক সংস্থা এগিয়ে আসে এবং উদ্ধার করে সন্তানটিকে।মঙ্গলবার প্রাক্তন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা অভাবী পিতা স্বপন বাল্মিকী দাসের পাশে দাড়ান এবং ঐ এলাকা সফর করেন। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, যে স্বপন বাল্মিকী দাস দীর্ঘ দুই বছর যাবত কোন কাজ পায় নি।শত শত ছিদ্রওয়ালা বাশেঁর রুগ্ন বাড়ি। পঞায়েত থেকে সরকারি বাড়ি পান নি। অধিকাংশ দিন চার সন্তান সহ ছয় জন সদস্যদের অভুক্ত থাকতে হয়। সন্তান বিক্রি করার ঘটনায় সন্তানের মা অপ্রকৃতস্থ হয়ে পড়েছেন, বর্তমানে কাউকে চিনতে পারছে না। টাকার অভাবে চিকিৎসা করা যাচ্ছে না। স্থানীয় প্রতিবেশী দের সাহায্যে সন্তানটির পিতা পতিপালন করছে। এদিন বীরজিৎ সিনহা শঙ্কা প্রকাশ করেন, যদি নিরবিচ্ছিন্ন আথিক সহায়তা না মিলে তা হলে সন্তান সহ পরিবারটিকে বাচানো অসম্ভব হবে। এদিন বীরজিৎ সিনহা জেলা প্রশাসনের সাথে দেখা করে সমস্ত সমস্যা তুলে ধরেন এবং জানতে পারেন এই ধাতুছড়া পঞায়েতে গত বছর ৭৫ দিনের কাজ হয়েছে কাগজ কলমে। বীরজিৎ সিনহা এদিন অসহায় পরিবারটির পাশে দাঁড়াবার ভরসা দিয়ে আসেন বলে জানা যায়।
