আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ ৷। রাজ্যে করোনা ভাইরাস মোকাবেলায় খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল। মুখ্যমন্ত্রী নিজে এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন। মূখ্যমন্ত্রীর আহ্বানে বিগত কিছু দিন ধরেই রাজ্যে করোনা ভাইরাস মোকাবেলায় মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দান করছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ, ত্রিপুরা হাই কোর্টের বিচারক সহ বিভিন্ন সমাজকর্মী। শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে নিজের এক মাসের বেতনের অর্ধেকের বেশি অর্থ দান করছেন। তিনি এদিন জানান, মোহনপুর ওবিসি মণ্ডলের পক্ষ থেকে ২৩ হাজার টাকা দান করা হয়েছে। এছাড়াও কৃপেশ দেব নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা, সুব্রত ঘোষ ও শঙ্কর ঘোষ নামে দুই ব্যবসায়ী ৫০ হাজার টাকা, দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা, গৌতম রায় নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছেন। তাদের প্রত্যেককে অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।এদিন আমবাসা প্রেস ক্লাবের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা দান করা হয়। আমবাসা মহকুমা শাসক জে বি দোয়াতির হাতে আমবাসা প্রেস ক্লাবের সদস্যরা এই আর্থিক সাহায্য তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন আমবাসা প্রেস ক্লাবের সম্পাদক পরাশর বিশ্বাস সহ অন্যান্যরা।
এদিন ইণ্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন এবং স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহার হাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য অর্থ রাশি তুলে দেওয়া হয়।
পাশাপাশি এদিন রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৩০ হাজার টাকা দান করেন।
রাজ্যের ক্ষুদে দাবারু আরশিয়া দাস মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১০ হাজার টাকা দান করেছে।
আগরতলাস্থিত হোটেল সোনার তরী এদিন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১ লক্ষ টাকা দান করেন বলে জানা যায়।
এদিন রাজ্যের ৬টি জেলার তরফে সাংসদ উন্নয়ন তহবিল থেকে এক কোটি টাকা প্রধানমন্ত্রী তহবিলে দান করলেন সাংসদ রেবতী ত্রিপুরা।
