আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷। আমজাদ নগর এলাকার একশ পরিবারকে খাদ্য সামগ্রী, সাবান ও মাক্স বিতরণ করলো ওই এলাকার যুব সংস্থার সদস্যরা। মঙ্গলবার এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাসির আহমেদ, মিজান মিয়া সহ অন্যান্য সদস্যরা। বিলোনিয়ার আমজাদ নগর এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। এলাকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। লকডাউন চলাকালীন সময়ে কাজকর্ম বন্ধ হওয়াতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। অধিকাংশ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোগার করতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। তাই এই দুর্যোগময় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার সাধারণ মানুষ এবং যুব সমাজ সংস্থা।