আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷। যিনি ঠেলাগাড়ি চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেন, যার ঘরেই নুন আনতে পান্তা ফুঁড়োয়, তিনিই মহামারীর দিনে অন্নের মুখে অন্ন তুলে দিতে পথে নেমেছিলেন। হ্যাঁ, বলছি আগরতলার প্রতাপগড় এলাকার সাধু টিলার ঠেলাগাড়ি চালক গৌতম দাসের কথা। তিনি ঠেলাগাড়ি চালিয়ে এই রোজগার থেকে মহামারীর দিনে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে গেছেন – চাল ডাল সহ প্রয়োজনীয় সামগ্রী অন্যান্য দুঃস্থদের মধ্যে দান করে। পুরো বিষয়টা প্রচারের আলোতে আসেনি। তবে সংবাদ মাধ্যমের দৌলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসে এই খবর।রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে আগরতলার গৌতম বাবুর নাম নিয়ে তাঁর এই কাজের জন্য খোদ সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। এরপরেই এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গৌতম বাবুকে মূখ্যমন্ত্রীর সরকারি আবাসে ডেকে সম্বর্ধনা জানান। পাশাপাশি গৌতম বাবুর ছেলে কে রাজ্য সরকারের টি এস র-এ একটি চাকুরী দেওয়া সহ গৌতম বাবুকে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।
