জাতীয় ডেস্ক ।। কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে চারজন পাকিস্তানী সেনা নিহত হয়েছেন।
ভারতীয় এক সেনা নিহত হওয়ার জেরে সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমানায় গোলাগুলিতে নিহতের এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
জম্মু কাশ্মির অঞ্চলের বর্ডার সিকিউরি ফোর্সের (বিএসএফ) ইন্সপেক্টর জেনারেল রাকেশ শর্মার বলেন, “আমরা কার্যকরভাবেই প্রতিশোধ নিয়েছ। সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।”
তিনি আরো বলেন, “পাকিস্তানি সীমান্তরক্ষীরা হতাহত হওয়ার পর তারা সাদা পতাকা তুলে বিএসএফকে গোলাগুলি বন্ধের আহ্বান জানায়। তাতে করে তারা নিহতদের দেহ সরিয়ে নিয়ে যেতে পারে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা গোলাগুলি বন্ধ করি।”
এ ঘটনার পর ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে অভিযোগ জানানো হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানী সেনারা ভারতের বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে গুলি চালিয়েছে বলে ভারত জানিয়েছে।
২০০৩ সালে ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হলেও দুই পক্ষ থেকেই প্রায়িই তা লঙ্ঘিত হয়ে আসছে।
২০১৪ সালের অক্টোবরে কয়েকদিন ব্যাপী প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে গোলাগুলির ঘটনায় ৯ পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নিহত হন।
সূত্র : বিবিসি
