আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী || আজ সমগ্র ভারতবর্ষের জন্য একটি ঐতিহাসিক দিন। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে বড় ভ্যাক্সিনেশন ড্রাইভের শুভ সূচনা করলেন। এই দিনটি সমগ্র ভারতবাসীর নিকট আনন্দের দিন।
এই মহামারি থেকে পরিত্রান পাওয়ার জন্য গোটা দেশের সাথে এদিন একযোগে ত্রিপুরাতেও কোভিড ভ্যাক্সিনের শুভসূচনা হয়। এদিন ত্রিপুরার ১৭টি জায়গায় সমস্ত সতর্কতা মেনে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। ত্রিপুরায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক অনুষ্ঠানে এই কর্মসূচীর উদ্বোধন করে ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। এগুলি আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন এবং যাচাই করেছেন। তিনি বলেন, পরিস্থিতির বদল হয়েছে। শুরুতে মাস্ক, স্যানিটাইজার বাইরে থেকে আনতে হচ্ছিল।এখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে। কোভিড পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়েছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আত্মনির্ভরশীল মানসিকতা গড়ে তুলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা অনেকেই ভাবছিলাম, করোনা থেকে বেরোনোর বোধহয় কোনও রাস্তা নেই। কিন্তু আজকে আমাদের দেশের বিজ্ঞানী, গবেষকরাই টিকা বের করেছেন। যা ঐতিহাসিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভোকাল ফর লোকাল স্লোগান দিয়েছিলেন। আজকে দেশেই তৈরি হচ্ছে ভ্যাকসিন।
মুখ্যমন্ত্রী বলেন, আজ এক ঐতিহাসিক দিন আমাদের কাছে। দেশজুড়ে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। গত বছর ৬ই এপ্রিল ত্রিপুরায় প্রথম কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গেছিল। সেটাও একটা দিন ছিল আর আজকেও একটা দিন। এই সময়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীরা যে কাজ করেছেন তা অভূতপূর্ব। রাজ্যের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরাও সংবাদ পরিবেশন করে জনজাগরণ ঘটাতে সহায়তা করেছেন।
মুখ্যমন্ত্রী সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার ও সমগ্র রাজ্যবাসীকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
