আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২২ মার্চ || পারিবারিক কলহের জেরে ২৪ বছরের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা করে। ঘটনা সোনামুড়া মহকুমার বক্সনগরের দুপুরিয়াবান্দ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে আশাবাড়ী গ্রাম পঞ্চায়েতের দুপুরিয়াবান্দ এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী সোনালী আক্তার পারিবারিক কলহের কারণে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাতে তার শরীরের অর্ধাংশ পুড়ে যায়। পরে তার স্বামী এই ঘটনাটি টের পেয়ে কিছুটা আগুন নেভানোর চেষ্টা করে।
তারপর চিৎকার চেঁচামেচি করার পর এলাকার লোকজন জড়ো হয়। এলাকার লোকজনের সহায়তায় সাথে সাথে তাকে বক্সনগর সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বক্সনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার হাপানিয়াস্থিত হাসপাতালে রেফার করে। এদিকে হাপানিয়া হাসপাতালে গিয়ে তার শরীরের অবস্থা খারাপ দেখে সাথে সাথে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করে রবিবার সন্ধ্যায় মৃত্যু কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে পুরো দুপরিয়াবান্দ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
