আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে ধন্যবাদ জানালো গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকার সাধারণ মানুষ। সংবাদে প্রকাশ বাম আমলে এই এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত ছিল। আর বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকার কাঞ্চনমালা এলাকার এইসব সমস্যাগুলি
খুব দ্রুত সমাধান করে চলেছে। এলাকাবাসীরা জানিয়েছেন, বাম সরকারের আমলে কাঞ্চনমালা বাজারসহ এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে কোন লাইট ছিল না। আর বর্তমান সরকার এসে কাঞ্চনমালা বাজারসহ এলাকার বিভিন্ন স্থানে সরকারি লাইট লাগিয়ে এই সমস্যা থেকে দূর করেছেন। পাশাপাশি বর্তমান সরকারের প্রচেষ্টায় কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে উন্নীত করার লক্ষ্যে দ্রুত গতিতে হাসপাতালে নতুন ভবনের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে কাঞ্চনমালা পাল কলোনির স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, তাদের এই পাড়ায় দীর্ঘদিনের দাবি ছিল একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার এবং একটি জলের পাম্প মেশিনের। কিন্তু বাম আমলের সরকার তাদের এই দাবিগুলো পূরণ করেনি। আর বর্তমান সরকার তাদের এই দীর্ঘ দিনের পুরনো দাবিগুলি পূরন করে এলাকার মানুষকে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি দিয়েছে। তারা জানিয়েছেন, তাদের বর্তমানে আর কোন সমস্যাই নেই। তাই এলাকার জন্য সরকারের উন্নয়নমূলক কাজে খুশি হয়ে কাঞ্চনমালা এলাকার সাধারণ মানুষ রাজ্য সরকারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।
