ভাবগম্ভীর পরিবেশে বিশালগড় প্রেস ক্লাবের তরফে শহিদ পুলিশ ইন্সপেক্টরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, বিশালগড়, ২৭ নভেম্বর || বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে শহিদ পুলিশ অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হয়েছেন রাজ্যের নিষ্ঠাবান পুলিশ অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। তিনি খোয়াই থানায় কর্মরত ছিলেন। রামচন্দ্রঘাটের এক উন্মত্ত ব্যক্তি নিজের দুই শিশু সন্তানকে নির্মমভাবে খুন করে। তার স্ত্রী’কে প্রাণে মারার উদ্দেশ্যে আঘাত করে। পরবর্তী সময়ে পথচারীদের ওপর হামলা চালায় উন্মত্ত ব্যক্তিটি। খবর পেয়ে খোয়াই থানার কর্মরত পুলিশ অফিসার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক ঘটনাস্থলে ছুটে গিয়ে উন্মত্ত ব্যক্তিটিকে নিরস্ত্র করার চেষ্টা করে। তখনই ওই উন্মত্ত লোকটি ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পুলিশ অফিসার। নেয়া হয় হাসপাতালে। সেখানে বীর গতি প্রাপ্ত হন ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। শনিবার সন্ধ্যা রাতে বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে শহিদ পুলিশ অফিসারকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। প্রেস ক্লাব ঘরে ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সহ-সভাপতি সমীর ভৌমিক, সহ-সম্পাদক খোকন ঘোষ, কার্যকরী সদস্য হারাধন দেবনাথ, অজয় পাল, বিশ্বজিৎ দেব। এছাড়া প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে শহিদ অফিসারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশালগড় মহিলা থানার এ এস আই রুখিয়া বেগম, গোয়েন্দা শাখার বিভাস সাহা সহ পুলিশ কর্মীরা। উপস্থিত সবাই পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহিদ পুলিশ অফিসারের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন শহিদ সত্যজিৎ মল্লিক বিশালগড় থানায় কর্মরত থাকাকালীন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন। সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। সদাহাস্যময় এই অফিসার পরোপকারী ছিলেন। নিজের প্রাণ বলিদান দিয়ে আমজনতার জীবন বাঁচিয়েছেন ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। শহিদ পুলিশ অফিসারের স্ত্রী, ছোট শিশু কন্যা সহ শোকগ্রস্ত পরিবারকে বিয়োগব্যথা সহ্য করার শক্তি প্রদানের জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করেন প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*