আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || সম্প্রতি পশ্চিম বঙ্গের শিলিগুড়ি শহরে আয়োজিত তৃতীয় শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বছরের সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল ত্রিপুরা রাজ্যের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘পূজোর জামা’। এই অনুষ্ঠানে ‘পূজোর জামা’ চলচ্চিত্রের পরিচালক তথা “আমার ত্রিপুরা” ফেসবুক পেজের কর্ণধার সমর্পণ ভট্টাচার্য্যের হাতে মানপত্র ও পুস্প স্তবক দিয়ে সন্মান জানানো হয়।
‘পূজোর জামা’ চলচ্চিত্রের পরিচালক সমর্পণ ভট্টাচার্য্যে এক সাক্ষাৎকারে ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধিকে জানান, রাজ্যের শিল্পীদের নিয়ে তৈরী স্বল্প দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র “পূজোর জামা”র মূখ্য ভূমিকায় ছিলেন রাজ্যের লোকপ্রিয় অন্যতম অভিনেত্রী পায়েল দাস ও রিধিক শীল। তিনি জানান, অভিনেত্রী পায়েল দাস ছবিতে টুবাইয়ের মা’এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করেছেন, যা তিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন এবং তা দর্শকের মন কেড়েছেন।
শ্রী ভট্টাচার্য্য জানান, অন্যতম প্রধান চরিত্রে ছিলেন খোয়াই শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৌর প্রতিম শর্মা, ছিলেন ওংকার ভৌমিক, চয়নিকা তলাপাত্র, শুভাশীষ ভট্টাচার্য, সঙ্গীতা ভৌমিক ও গুনগুন বিশ্বাস প্রমুখ। পাশাপাশি ছিলেন ক্ষুদে শিল্পী সায়ন্তিকা দেব, আদ্রিতা সেন, শ্রেয়ান রায় ও তৃশান দে।
