আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি || মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর দল রাজ্যের বিকাশের স্বার্থে কঠোর পরিশ্রম করছে। এর একটি প্রমাণ হলো গ্রামাঞ্চলের জনগণের উন্নয়নে মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা।শুক্রবার ত্রিপুরার ৫০’তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় একথা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, তিন বছরে ত্রিপুরার যে বিকাশ হয়েছে এটাতো শুধু সূচনা, এখনও ত্রিপুরার আসল সামর্থ উজাগর হওয়া বাকি আছে। ত্রিপুরা সরকার একদিকে যেমন গরীবদের ঘর দিচ্ছে অন্যদিকে আধুনিক প্রযুক্তিকেও গ্রহণ করছে। দেশের যে ৬টি রাজ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করে ঘর বানানো হচ্ছে তার মধ্যে ত্রিপুরাও একটি বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রশাসনে পারদর্শিতা থেকে শুরু করে আধুনিক পরিকাঠামোর ক্ষেত্রে আজ যে ত্রিপুরার নির্মান হচ্ছে তা রাজ্যকে আগামী দশকগুলির জন্য তৈরি করবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্য সড়ক পথের সঙ্গে রেল পথ, আকাশ পথ ও জল পথ সকল ক্ষেত্রেই উন্নতি করছে এবং তার লাভ পাচ্ছেন ত্রিপুরাবসী।
প্রধানমন্ত্রী এদিন ত্রিপুরার ৫০’তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে এক ভিডিও বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
