আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃত্যুর সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ এ রাজ্যে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হয় ৪ জনের। এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয় ২৬২ জন। সোমবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৯৯১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৪৪০ জনের আর টি পি সে আর এবং ৩,৫৫১ জনের র্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে মোট ২৬২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট হলো ৬.৫৬ শতাংশ। এদিন ৬৫৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেন।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ২৬২ জনের মধ্যে শীর্ষে পশ্চিম ত্রিপুরা জেলা। শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায়ই আক্রান্ত ৭৮ জন। তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪২, সিপাহীজলায় ২, ধলাই জেলায় ৩৫, খোয়াই জেলায় ৬, ঊনকোটি জেলায় ৩৯, গোমতী জেলায় ২৯ এবং উত্তর ত্রিপুরা জেলায় আক্রান্ত ৪১ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ৭,৭৪৫ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮,১৯৫ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ৮৯,৫১৩ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৮৬৯ জনের।
