নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারী ।। কংগ্রেস ও আম আদমি পার্টি পর্দার আড়ালে একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে বলে কটাক্ষ করে দিল্লিতে দায়িত্বশীল ও সংবেদনশীল সরকার গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার রাজধানীর দ্বারকাতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী নাম না করে দুই দলকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। মোদী বলেন, ‘দিল্লিতে দুটি রাজনৈতিক গোষ্ঠীর লড়াই করছে যারা ক্ষমতায় আসার জন্য পর্দার আড়ালে হাত মিলিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে বচন ও মিথ্যে অভিযোগ করার যেন এক প্রতিযোগিতা চলছে এই দুজনের মধ্যে।’
এদিন কংগ্রেসের বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তোলেন মোদী। জানান, একটা সময় ছিল যখন দিল্লি ও হরিয়াণাতে কংগ্রেস পরিচালিত সরকার ছিল। তখন দু’রাজ্যেই জলের সমস্যা ছিল। আর দুই সরকার জলের নামে রাজনীতি করে নিজের নিজের রাজ্যের মানুষকে একে অপরের বিরুদ্ধে প্ররোচিত করত। মোদী বলেন, ‘আমরা সেই সমস্যা দূর করেছি।’
প্রধানমন্ত্রী দাবি করেন, একমাত্র উন্নয়নের মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, ‘আমি উন্নয়নের অ্যাজেন্ডা নিয়ে নির্বাচনে লড়েছিলাম। দেশ শাসনও করি উন্নয়নকে সামনে রেখেই।’ এদিন মোদীর জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। আগামী ৭ ফেব্রুয়ারি ৭০-আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় নির্বাচন হবে।

