বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ এপ্রিল || চাকমা সোসিও কালচার অর্গানাইজেশনের উদ্দ্যোগে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। চার দফা দাবির ভিত্তিতে শুক্রবার এই ডেপুটেশন প্রদান করা হয়। শিলাছড়ী থানার অফিসার ইনচার্জের কর্তব্য গাফিলতির কারণে জনজাতি সম্প্রদায়ের নাবালিকা মেয়ে সহ দুই’জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিচার বিভাগীয় তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, প্রতিটি মৃত পরিবারে ক্ষতিপূরন বাবদ ২০ লক্ষটাকা করে আর্থিক অনুদান দেওয়া, যোগ্যতা অনুযায়ী প্রতিটি মৃত পরিবারে অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া, গ্রামস্তর পর্যন্ত জনজাতি সমাজপতিদের সন্মান এবং মর্যাদা সুনিশ্চিত করা – এই চার দফা দাবি নিয়ে চাকমা সম্প্রদায়ের উদ্দ্যোগে এদিন এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানের পূর্বে চাকমা সম্প্রদায়ের লোকজনেরা ঐক্যবদ্ধ হয়ে শান্তিরবাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে এক মিছিল সংগঠিত করে। মিছিলের মাধ্যমে উনাদের দাবিগুলি সকলের সামনে তুলে ধরা হয়। মিছিলটি শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্তি হয়। পরবর্তী সময় ৫ জনের প্রতিনিধিদল শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ডি সি এম প্রীতম সরকারের নিকট উনাদের ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান শেষে ৫ জনের প্রতিনিধিদল শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের সঙ্গে দেখা করে উনাদের দাবি সম্পর্কে জানান। এদিনের এই ডেপুটেশন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে ডি সি এম প্রীতম সরকার জানান, চাকমা সম্প্রদায়ের এই দাবিসনদ গুলিকে প্রাধান্য দিয়ে এই দাবিসনদ জেলাশাসকের নিকট প্রেরণ করা হবে। এই ডেপুটেশনে মহকুমা শাসক ও ডিসিএম’র নিকট পতিশ্রুতি পেয়ে খুবই আনন্দিত চাকমা সম্প্রদায়ের লোকজনেরা।
