সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ মে || ভাস্কর দেব, রাজ্যের বিশিষ্ট আইনজীবী। ইদানিংকালে সমাজসেবী হিসেবে যথেষ্ট সফলতার নজির রেখে চলেছেন সমাজে। প্রতিনিয়ত আর্ত মানুষদের পাশে দাঁড়ানোর মানসিকতায় ভাস্কার দেব সমাজে অনন্য একটি স্থান দখল করে নিয়েছেন এতে কোনো সন্দেহ নেই।
পবিত্র রমজান মাসে ভাতৃত্ববোধ স্থাপনের এক অন্যতম নজির স্থাপন করলেন ভাস্কর বাবু। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজের বন্ধু স্থানীয় এবং সামাজিক হিতাকাঙ্খী মনোভাবাপন্ন বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে সাথে নিয়ে তেলিয়ামুড়ার জামে মসজিদে ইফতার পার্টির আয়োজন করলেন ভাস্কর বাবু। এই ইফতার পার্টিতে মুসলিম ধর্মাবলম্বী সাধারণ মানুষের সাথে অংশ নিলেন ভাস্কর দেব সহ অন্যান্যরা। উনার এই সামাজিক কর্মকাণ্ডে খুশি সবাই। যেখানে গোটা দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞাটাই প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিনিয়ত দিকে দিকে ধর্মের নামে চলছে হানাহানি, সেই জায়গায় ভাস্কর দেবের এই ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিকতার অনন্য নজির স্থাপনকে অনেকেই কুর্নিশ জানাচ্ছেন। ভাস্কর দেবের সাথে ইফতার পার্টিতে এসে সামিল থাকা অনেকের মধ্যে অন্যতম হচ্ছেন তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক মানিক দাস। আমাদের প্রতিনিধির সাথে কথা বলার সময় ভাস্কর দেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন বরাবরই ভাস্কর দেব তেলিয়ামুড়া জুড়ে সামাজিক কর্মকান্ডে প্রথম স্তরে থাকার চেষ্টা করছেন। পাশাপাশি বলেন, এই কাজ অত্যন্ত প্রাসঙ্গিক কারণ যেখানে গোটা দেশে ধর্মের নামে হানাহানি চলছে সেখানে এটা একটা অন্যতম বার্তা বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এদিনের এই ইফতার পার্টিতে মসজিদ চত্বরে ব্যাপক উৎসাহের আবহ পরিলক্ষিত হয়।
