আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মে || কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১’তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানী আগরতলার রবীন্দ্র কাননে এক “প্রভাতী কবিপ্রণাম” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যথাযথ মর্যাদায় কবিগুরুর মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
এদিন রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাননে কচিকাঁচাদের সমবেত নৃত্য ও মনোজ্ঞ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকেই মুগ্ধ করে।
