গোপাল সিং, খোয়াই, ০৪ জুন || লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানীয় জল, যোগাযোগ পরিষেবা ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবী জানিয়ে শনিবার সন্ধ্যায় লালঝান্ডার মিছিলে অনুষ্ঠিত হয় খোয়াই শহরের রাজপথে। শ্লোগান সোচ্চার মিছিল জমায়েত থেকে সমস্বরে গগণভেদী আওয়াজ উঠলো দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ করা, বিদ্যুৎ, পানীয় জল ও যোগাযোগ পরিষেবার মানোন্নয়ন, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা হুজ্জুতি আক্রমণ বন্ধে পুলিশকে নিরপেক্ষ ভুমিকা পালন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে দলদাসের ভূমিকা পরিহার করতে হবে।
এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার একটু পরেই সি পি আই (এম)’র জেলা কার্য্যালয় থেকে পার্টির খোয়াই মহকুমা কমিটির ডাকে বের হয় উদ্দীপ্ত মিছিল। যুবকদের অংশ গ্রহণ ছিল উল্লেখযোগ্য। এদিনের মিছিলের কর্মসূচী ছিল মূলতঃ খোয়াই বিধানসভা কেন্দ্র ভিত্তিক।
পার্টির জেলা কার্য্যালয় থেকে বের হয়ে মিছিল একে একে পরিক্রমা করে অরবিন্দ পার্ক, গয়াপ্রসাদ পার্ক, থানা কর্ণার, ক্ষুদিরাম সরণী, এরপর উচ্চকিত কন্ঠের সম্মিলিত শ্লোগানে মহারাজগঞ্জ বাজার কাঁপিয়ে মিছিল দূর্গানগর হয়ে লালছড়া, সুভাষপার্ক বিবেকানন্দ সরণী অতিক্রম করে কোহিনূর শপিং কমপ্লেক্স পার হয়ে এন সি অ্যাভেনিও পরিক্রমা করে জননেতা রঞ্জন রায় সেতু ও বনকরের ওপর দিয়ে এসে আবার পার্টি অফিসে ফিরে এলে সেখানেই মিছিলের পরিসমাপ্তি ঘটে।
এদিনের মিছিলের পুরোভাগে ছিলেন সি পি আই (এম)’র জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুখেন্দু বিকাশ দে, আলয় রায়, জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশে হয় সংক্ষিপ্ত পরিসরের সভা। সেখানে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য।বিধায়ক নির্মল বিশ্বাস।
