দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার শুভমুক্তি পেতে চলেছে রাজ্যের স্বল্পদৈর্ঘের বাংলা চলচ্চিত্র “বাক্সবন্দী”

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জুন || দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ই জুন, ২০২২ (শুক্রবার) শুভমুক্তি পেতে চলেছে রাজ্যের স্বল্পদৈর্ঘের বাংলা চলচ্চিত্র “বাক্সবন্দী”। এক বছরেরও বেশি সময় ধরে বাক্সবন্দীর প্রতীক্ষায় ছিল অগুনিত দর্শক। ২৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘের বাংলা চলচ্চিত্রটি নির্মান কাজ শুরু হয়, ২০২১ এর মার্চ মাস থেকে। ত্রিপুরার বিভিন্ন গুনী শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের মুখও দেখা যাবে এই চলচ্চিত্রে। এমন অনেক গুনী প্রতিভার তল্লাস চালায় বাক্সবন্দীর দল, তাদের উদ্দেশ্যই ছিল ত্রিপুরার শিল্পীদেরই প্রাধন্য দেওয়া।
এইখানে উল্লেখযোগ্য বিষয়, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, প্রযোজক, শব্দ সম্পাদনা, সঙ্গীতে আপনারা দেখতে পাবেন ও শুনতে পাবেন ত্রিপুরার সকল শিল্পীকে। জুন মাস প্রাইড মাস, ভালোবাসার মাস। এই ভালোবাসারই একটি দিককে বাক্সবন্দীর গল্পে দেখতে পাবেন দর্শকরা। যেখানে নীল ছোটবেলা থেকে তার স্বপ্নগুলোকে বন্দী করে রাখতে রাখতে একটা সময় প্রেমে পরে, খুঁজে পায় তার ভালবাসার মানুষকে। অন্য দিকে শুভ আর মৈথিলীর দাম্পত্য জীবনে হঠাৎ করেই উঠে আসে একটি ডাইরি। নীল প্রেমে পরে, স্বপ্ন দেখতে শুরু করতে না করতেই তার জীবনে ঘনিয়ে আসে এক অঘটন। সে চেষ্টা করে ওঠে দাঁড়ানোর, লেখক হবার স্বপ্নকে আকাশে ডানা মেলে উড়ে বেড়ানোর পাখা দিতে চায়। কিন্তু এত কিছুর পরেও নীল, শুভ, মৈথিলীদের গল্প অধরা থেকে যায় কখনো কখনো, শুভর মা বুঝতে পারেন না এ কোন কঠিন পরীক্ষায় ভগবান তাকে ফেললেন। একই পরিস্থিতি, কিন্তু সবার আলাদা অনুভূতি, আবেগ। বাক্সবন্দী কি পারবে সে সকল প্রশ্নের উত্তর দিতে? সবাইকে একবার বোঝাতে, এই মুহুর্তে দর্শককুল তারই প্রতীক্ষায়।
এই ছবির নির্মানকাজ শেষ হয়, ২০২১ এর নভেম্বরে। তারপর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসবে বাক্সবন্দী অংশ গ্রহন করে। ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে বিশেষ বিভাগের ৮টি সেরা ছবির পুরষ্কার। চিত্রনাট্য পরিচালনায় মনীষ সিনহার ঝুলিতে রয়েছে পুরষ্কার। এছাড়াও উল্লেখযোগ্য এবছর দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল এ বাক্সবন্দী অফিসিয়াল সিলেকশন পায়। আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে তনুময় বিশ্বাস সঙ্গীতে নমিনেশন পায়। এছাড়াও ঝুলিতে রয়েছে বিভিন্ন অফিশিয়াল সিলেকশন। ছবিটির গল্প এবং পরিচালনায় সিদ্ধার্থ সাহা, সহপরিচালনায় মধুমিতা তালুকদার, চিত্রনাট্য মনীষ সিনহা, সম্পাদনায় নভজ্যোতি ভারতী, চিত্রগ্রহণে প্রসেনজিৎ দেবনাথ, আবহ সঙ্গীত শুভ্রজিৎ নন্দী, রবীন্দ্র সঙ্গীত তনুময় বিশ্বাস, শব্দগ্রহনে স্টুডিও সরগম, অভিনয়ে জয়দীপ, সূর্য, অনিন্দিতা, সঞ্চিতা, ঋতুপর্না, রুবিনা এবং মধুমিতা তালুকদার। প্রতিটি স্বপ্ন কেবল দেখলেই হয় না, তা পূরন করার জন্যে অর্থেরও প্রয়োজন হয়। এই ছবিটির যিনি প্রযোজনা করেছেন তিনি হলেন পিংকি বণিক। এছাড়াও সহ প্রযোজনায় রয়েছেন শ্রীপর্ণা, বাবলী এবং শিবম।
আগামী ১০ই জুন, ২০২২, শুক্রবার ছবিটি মুক্তি পেতে চলেছে, Mycinemahall App এর মধ্যে। ৯ই জুন মধ্যরাত পর্যন্ত অগ্রীম বুকিংয়ে থাকছে ২০% ছাড়। প্লে স্টোর থেকে Mycinemahall মোবাইল অ্যাপ টি ইনস্টল করে টিকিট কেটে আপনারা দেখতে পারবেন বাক্সবন্দী। কাগজঘরের পক্ষে, এই ছবির পরিচালক সিদ্ধার্থ সাহা জানান, প্রাইড মান্থ কে কেন্দ্র করেই যেহেতু এই ছবির প্রেক্ষাপট রচনা, তাই এই মাসেই ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেন কর্মকর্তাগণ। স্বাভাবিকভাবেই সকলের মনে বেশ খুশি ও উৎসাহের জোয়ার লক্ষ্য করা গেছে। সংস্থার পক্ষ থেকে সকলকে এই ছবিটি দেখার জন্য অনুরোধ জানানো হয়, ত্রিপুরার নবাগত প্রতিভাদের কাজ দেখা এবং তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি যে সামাজিক বার্তা তারা ছবিটির মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন তা জনমনে সাড়া ফেলবে বলেই বিশ্বাস বাক্সবন্দীর টিমের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*