জনস্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবীতে খোয়াইয়ে সি পি আই (এম)’র মিছিল ও জমায়েত

গোপাল সিং, খোয়াই, ২২ জুন || জনস্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবীর ভিত্তিতে বুধবার খোয়াইয়ে মিছিল জমায়েত হলো সি পি আই (এম)’র ডাকে। শ্লোগান সোচ্চার গর্জমান মিছিল পরিক্রমা করলো জেলা শহরের রাজপথ। মিছিলের আগে হলো দৃপ্ত জমায়েত।এখানে বক্তব্য রাখতে গিয়ে সি পি আই (এম)’র পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার আগামী দিনে আরো তীব্র, আরো দুর্বার করে তোলার আহ্বান জানিয়েছেন। চলমান লড়াই সংগ্রামের বৃত্তকে আরো বৃহত্তর পরিমন্ডলে প্রসারিত করার আহ্বান জানিয়েছেন।
রান্নার গ্যাস, ডিজেল, পেট্রোল ও কেরোসিন সহ অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা, মহকুমায় পরিশোধিত পানীয় জলের পরিষেবা নিশ্চিত করা, জলসেচ ব্যবস্থা নিশ্চিত করা, সার বীজ ও কীটনাশক ঔষধ বন্টনে দলবাজি বন্ধ করা, জুমচাষে সরকারী সহায়তা প্রদান করা, বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান করা, বিদ্যাজ্যোতি প্রকল্পে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় বন্ধ করা, শিক্ষক স্বল্পতা দূরীকরণ ও শিক্ষাংগনে পরিকাঠামোর উন্নয়ন করা, বেহাল রাস্তাঘাটের সংস্কার কর, সরকারী আবাসন প্রকল্পে দলবাজি বন্ধ করা, সামাজিক ভাতার পরিমাণ দুই হাজার টাকা করে তালিকাভুক্ত সব সুবিধাপ্রাপককে ভাতা প্রদান করা, মজুরি বৃদ্বি করে নিয়মিত রেগা ও টুয়েপ প্রকল্পে কাজের ব্যবস্থা করা ও জবকার্ডধারী সব শ্রমিককে কাজ দেওয়ার ব্যবস্থা করা, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ১২ দফা দাবীর ভিত্তিতে এদিন খোয়াইয়ে সি পি আই (এম)’র মহকুমা কমিটি মিছিল জমায়েতের ডাক দেয়। রাজনগর, রামচন্দ্রঘাট, পূর্ব রামচন্দ্রঘাট, চেবরী, পদ্মবিল, বেলছড়া, চাম্পাহাওর, আশারামবাড়ী ইত্যাদি অঞ্চল সহ খোয়াই, সুভাষপার্ক, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল লোক্যাল এলাকার শত শত মানুষ এদিন ১২ দফার মিছিল জমায়েতে অংশ নেন।বেলা সাড়ে বারোটায় কবিগুরু পার্কের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় দৃপ্ত মিছিল।
মিছিলের আগেই রবীন্দ্র মূর্তির পাদদেশে হয় জমায়েত। এখানে এদিন বক্তব্য রাখেন সি পি আই (এম)’র পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা। দাবীসনদ পাঠ করেন পার্টির রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস।সভাপতি ছিলেন মহকুমা কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা।
জমায়েতের পর বেলা সাড়ে বারোটায় শুরু হয় মিছিল।পুরোভাগে ছিলেন মানিক সরকার , অঘোর দেববর্মা, জেলা সম্পাদক রঞ্জিত দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায়, সুখেন্দু বিকাশ দে, পলাশ ভৌমিক সহ জেলা কমিটি ও মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্যগণ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*