দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৭ জুলাই || যুগযুগান্তরের অলৌকিক আর আধ্যাত্মিকতার অবিরল ধারার নতুন রুপ প্রস্ফুটিত হয় খার্চী উৎসবে। স্থান, কাল, পাত্র, আবহ – একই রকম সেই রকম ভক্তের আবাহনে বার বার খার্চী প্রানবন্ত হয়ে উঠে প্রতিবছর। বৃহস্পতিবার খার্চী উৎসব শুরুর দিনে ভক্তের ভীড়ে কল্লোলিত ছিল চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গন। আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে শুরু হল সাত দিন ব্যপি খার্চী উৎসব। এ রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতির এক বিরল চিত্রপট হচ্ছে খার্চী উৎসব – শান্তি, সম্প্রীতি, মানুষে মানুষে মেল বন্ধনের আহ্বানে শুরু খার্চী উৎসব।
খার্চী পূজার উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জমাতিয়া। সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রেম কুমার রিয়াং, বিধায়ক ধিরেন্দ্র দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, মেলা কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজার শুভ মুহুর্তে পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে পূজো সেন। তিনি রাজ্যবাসীর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
