সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ জুলাই || অবশেষে চারদিন পর কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবনের নিখোঁজ হওয়া সাড়ে চার বছরের শিশুকন্যার পচাগলা মৃতদেহ উদ্ধার হল বাড়ির অদূরের এক রাবার বাগান সন্নিহিত অঞ্চলে।
ঘটনার বিবরণে জানা যায়, কল্যাণপুর থানাধীন পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের রাম বাবু পাড়া এলাকার নায়েক বস্তির বাসিন্দা জয় কুমার নায়েক এর সাড়ে চার বছরের শিশুকন্যা বিগত শুক্রবার সকালে বাড়ি থেকে নিখোজ হওয়ার পরদিন কল্যাণপুর থানায় পরিবারের তরফ থেকে নিখোঁজ ডাইরি করা হয়েছিল।
এরপর পুলিশ যথারীতি মামলা নথিভুক্ত করে (মামলার নম্বর ২৬ \২০২২ আন্ডার সেকশন ৩৬৬ এ আইপিসি) বিভিন্ন অভিযান চালালেও নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যায় নি।
অবশেষে মঙ্গলবার সকালের দিকে রাবার বাগানে একদল শ্রমিক কাজ করতে গেলে বিকট গন্ধ পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। এলাকাবাসী সহ পুলিশ গন্ধের উৎস স্থল বার করে দেখে একটা পচা গলা মৃতদেহ পড়ে আছে। পরবর্তী সময়ে পরিবারের লোকজন এসে সনাক্ত করে এই মৃতদেহটি নিখোঁজ হয়ে যাওয়া সাড়ে চার বছরের শিশুকন্যার।
এই মৃতদেহ উদ্ধারের ঘটনা খবর প্রকাশিত হতেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশের পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। ব্যাপক তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। যদিও জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে থানায় পুলিশের তরফ থেকে তুলে আনা হয়েছে। তবে শেষ সংবাদ পর্যন্ত এখনো এই ঘটনার মূল বিষয় উন্মোচন করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি।
