আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || শনিবার বক্সনগরে মতিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বক্সনগর কমিউনিটি হেলথ সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ফলক উন্মোচন করে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হেলথ সেন্টারের উদ্বোধনী করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে ভারত সরকারের পাশাপাশি ত্রিপুরা সরকারও প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, রাজ্যের প্রধান হাসপাতালগুলিতে সব ধরনের চিকিৎসা পরিষেবা যাতে চালু করা যায় তার জন্য রাজ্য সরকার সচেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকের অভাব রয়েছে, তার পরেও কিভাবে এর সুরাহা করা যায় এর জন্য সরকারের চিন্তাভাবনা রয়েছে। শুধুমাত্র ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের দিয়ে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত জনগণ আন্তরিক স্বতঃস্ফূর্তভাবে এর সাথে যুক্ত হচ্ছেন। তিনি বলেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরও রোগীদের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। হাসপাতালকে নিজেদের বাড়ির মতো পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
